দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (১৭ জুন সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে। মৃতদের মধ্যে ৫৭৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুইজন সিলেট বিভাগে এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রয়েছে।
এদিকে একই সময়ে সন্দেহভাজন হাম রোগী হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৩১ জন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন এবং বরিশাল বিভাগে ১৩৫ জন ভর্তি হয়েছে।
তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৮১৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে গত ৯৫ দিনে হামের উপসর্গ দেখা গেছে ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ১৮৪ জন। মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭০ হাজার ৫০৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা, শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।




Comments