Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার মূল বাজেট অনুমোদন করা হয়েছে। নতুন বাজেটেও আগের বছরের ধারাবাহিকতায় বেতন-ভাতা খাতেই সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বাজেট উপস্থাপন করেন। পরে সিনেট সদস্যদের আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বাজেটটি অনুমোদন করা হয়।

অনুমোদিত বাজেটে মোট বরাদ্দের ৫৭ দশমিক ৭৭ শতাংশ, অর্থাৎ ২০১ কোটি ৪৩ লাখ টাকা বেতন-ভাতা খাতে রাখা হয়েছে। তবে গবেষণা ও উদ্ভাবন খাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেট থেকে কোনো বরাদ্দ রাখা হয়নি।

এবারের বাজেটে শিক্ষার্থীদের জন্য ‘জাবিয়ান ট্র্যাক’ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আয়োজন এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে নতুন মাস্টারপ্ল্যান প্রণয়নের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, নতুন বাজেটের বিভিন্ন উদ্যোগ শিক্ষা, প্রশাসনিক কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।