Image description

শীতের পড়ন্ত বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খান বানিয়াড়া মাঠ যেন রূপ নিয়েছিল এক টুকরো ফুটবল নগরীতে। রঙিন পতাকা, হাজারো দর্শকের উপচেপড়া ভিড় আর বাঁশির শব্দে চারদিকে বইছিল উৎসবের আমেজ। ঠিক সেই মুহূর্তে মাঠে পা রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার উপস্থিতিতেই করতালি আর গগনবিদারী উল্লাসের মধ্য দিয়ে শুরু হলো সিংগাইরের বিশেষ শীতকালীন ফুটবল উৎসব।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়াড়া খেলার মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মানিকগঞ্জসহ তিনটি জেলার মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে, যা স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি নতুন করে আগ্রহ তৈরি করেছে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি এবং মানিকগঞ্জ ব্রাদার্স ক্লাব। খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ ছিল উত্তপ্ত। টানটান উত্তেজনার এই ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় মানিকগঞ্জ ব্রাদার্স ক্লাবকে ১–০ গোলে হারিয়ে জয় তুলে নেয় কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি।

খেলা শেষে দর্শকদের উদ্দেশ্যে জামাল ভূঁইয়া বলেন, "জাতীয় দল গত কয়েক বছরে বেশ উন্নতি করেছে এবং সামনে আরও ভালো খেলবে। গ্রামবাংলার সাধারণ মাঠে ফুটবলের প্রতি মানুষের এমন অকৃত্রিম ভালোবাসা ও উন্মাদনা দেখে আমি সত্যিই আনন্দিত।"

সিংগাইরের এই ফুটবল মেলা দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ফুটবলপ্রেমীরা ভিড় জমান। মাঠের চারপাশে তিল ধারণের জায়গা না থাকায় অনেককে গাছের ডালে ও বাড়ির ছাদে বসে খেলা উপভোগ করতে দেখা যায়।

আয়োজক কমিটির প্রধান নুর এ জামান পিয়াস বলেন, "তরুণ সমাজকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে সরিয়ে মাঠমুখী করাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করলে তৃণমূল থেকে আরও প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু, আয়োজক কমিটির উপদেষ্টা মুরাদ হোসেন খান, সদস্য নাফিসা খান আনজুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানবকণ্ঠ/ডিআর