Image description

ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র | ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র

ফুটবল ইতিহাসে ৫ ফেব্রুয়ারি এক অনন্য দিন। বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত দুই মহাতারকা- ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র আজকের এই বিশেষ দিনে জন্মগ্রহণ করেছেন। হাজার গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা পর্তুগিজ কিংবদন্তি রোনালদো আজ ৪১ বছরে পা দিলেন। অন্যদিকে, ব্রাজিলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র পার করলেন জীবনের ৩৪টি বসন্ত।

১৯৮৫ সালে পর্তুগালের মাদেইরা শহরে জন্ম রোনালদোর। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয়েছিল। শৈশবে অত্যন্ত শান্ত স্বভাবের রোনালদো সমবয়সীদের বদলে বড়দের সঙ্গে ফুটবল খেলতেই বেশি পছন্দ করতেন। ফুটবলার হওয়ার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে মাত্র ১২ বছর বয়সে স্পোর্টিং লিসবনে যোগ দেন তিনি। এরপর কেবলই ইতিহাস। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অর জেতা এই তারকা বর্তমানে সৌদি ক্লাব আল নাসরে খেলছেন। তবে সম্প্রতি তার ক্লাব ছাড়ার গুঞ্জন থাকলেও আসন্ন বিশ্বকাপে পর্তুগালকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।

ব্রাজিলের ফুটবলের প্যাকেজ বলা হয় যাকে, সেই নেইমার জুনিয়র জন্ম নিয়েছিলেন ১৯৯২ সালে। মাত্র ৯ বছর বয়সে পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসে নাম লিখিয়ে বিশ্ববাসীর নজর কাড়েন তিনি। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দিয়ে ইউরোপীয় ফুটবলে রাজত্ব শুরু করেন। পরবর্তীতে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়ে গড়েছিলেন নতুন ইতিহাস। বর্তমানে ৩৪ বছরে পা রাখা নেইমার ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইনজুরির সঙ্গে লড়াই করেছেন। বর্তমানে তিনি অপারেশন পরবর্তী রিকভারি সেশনে রয়েছেন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির অধীনে জাতীয় দলে ফেরার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এই তারকা।

ফুটবল বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিতে পারেন এই দুই কিংবদন্তি। রোনালদো তার দুর্দান্ত ফিটনেস ও ছন্দ ধরে রাখলেও ইনজুরির কারণে নেইমারের জন্য এবারের বিশ্বকাপই শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রিয় দুই তারকার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে ভক্তদের মাঝে।

মানবকণ্ঠ/ডিআর