Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ভালো শাসনব্যবস্থা কায়েম করতে হলে ভালো নেতা যেমন দরকার, তেমনি ভালো নীতিও দরকার। এত দিন যাঁরা দেশ পরিচালনা করেছেন, তাঁদের নীতিও ভালো ছিল না, নেতাও ভালো ছিল না। তাই দেশে শান্তি আসেনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী পৌর এলাকার বালুর মাঠে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল-১ আসনে দলের প্রার্থী মেহেদী হাসান সরদার।

সমাবেশে রেজাউল করীম বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর ধরে আমরা যে শাসন দেখেছি, তা দেশ ও মানুষের কোনো কল্যাণের শাসন ছিল না। বিশ্বের বুকে সোনার এই দেশ একবার-দুবার নয়, চার-চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সেই শাসনামলে আমরা দেখেছি, হাজারো মায়ের কোল খালি হয়েছে। লাখো মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে তাঁদের সংসার ধ্বংস করা হয়েছে। দেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ শরীরের চামড়া পুড়িয়ে পয়সা আয় করেছে, সেই টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করা হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘মুসলিম, হিন্দু ও অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা, আপনারা যদি ভালো থাকতে চান, তাহলে ভালো নেতা লাগবে, ভালো নীতি লাগবে। আমরা সেই নেতা ও নীতি বাস্তবায়ন করতে চাই।’

অভ্যুত্থানের পর যখন অনেকে লুটপাটে ব্যস্ত ছিল, তখন ইসলামী আন্দোলনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে হিন্দু ভাইদের সম্পদ পাহারা দিয়েছেন উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আসন্ন নির্বাচনে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করুন। ইনশা আল্লাহ আপনাদের মুখে হাসি ফোটাব। আমরা একটি ইনসাফের দেশ গড়তে চাই, একটি কল্যাণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সব ধর্মের মানুষ সমান সুযোগ ও নিরাপত্তা পাবে। যেখানে দুর্নীতি ও অন্যায় থাকবে না। সেই আকাঙ্ক্ষার রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন। আমরা আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ উপহার দেব।’

সমাবেশে বরিশাল-১ আসনে দলের প্রার্থী মেহেদী হাসান সরদার বলেন, ‘আপনারা যদি আমাকে হাতপাখা প্রতীকে নির্বাচিত করেন, ইনশা আল্লাহ এই আসন হবে ন্যায়, নিরাপত্তা ও মানবিক উন্নয়নের দৃষ্টান্ত। দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থান থাকবে।’