Image description

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা আর পেছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করব না। কে তুলসীপাতায় ধোয়া, কে দুধে ধোয়া, টান দিলে সকলের গা থেকেই দুর্গন্ধ বের হবে। এখন আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যারা আছি, তারা একই বাগানের ভিন্ন ভিন্ন ফুলের গাছ। সবাই মিলেই আমরা ফুলের বাগান। একসাথে চলব নিরাপদে থাকব। যার যেটা অধিকার, তারা সেটা পেয়ে যাব। ধর্মের ভিত্তিতে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ-উদ্‌-দৌলা সরকারি কলেজ মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। পরে নাটোরের চারটি আসনে জোটের প্রার্থীদের হাতে হাতে প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘আমার দেশের যে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, আল্লাহ যদি আমাদের সাহায্য করেন, সামর্থ্য দেন, ওদের মুখের ভেতরে হাত ঢুকাইয়া পেটের ভেতর থেকে সেসব টাকা বের করে আনব। সেই টাকা রাজকোষে জমা হবে। ইনসাফের ভিত্তিতে যে এলাকা বঞ্চিত, সেই এলাকায় বরাদ্দ চলে যাবে। কোনো মামু-খালা দেখা হবে না। লাল–নীল টেলিফোন বুঝি না, প্রেসিডেন্ট–প্রধানমন্ত্রীও বুঝি না, যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে।’

জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। বাংলাদেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারব না। ৫৪ বছরে এক এক করে তিনটা দল শাসন করেছে। তারা কী ধরনের শাসন উপহার দিয়েছে, তা যাচাই করলে তাদের আর ভোট দেওয়ার দরকার পড়ে না।’ তিনি বলেন, ‘তরুণেরা ইতিমধ্যে তাদের রায় জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপাতত ঠেকেছে। পাঁচ-পাঁচটি বিশ্ববিদ্যালয়ে রায় দিয়ে এ দেশের তরুণ ছাত্রসমাজ বলে দিয়েছে, লড়াই করেছি ন্যায় ও সত্যের পক্ষে। কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের সঙ্গী হওয়ার জন্য নয়।’

নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, ‘আমরা মদিনার আদলে এমন একটা শান্তি-সাম্যের সমাজ এই জাতিকে উপহার দিতে পারি, যেখানে নারীদের বাঁকা চোখে কেউ তাকানোর সাহস করবে না। যে বাংলাদেশে আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা স্বাচ্ছন্দ্যে নিরাপদে ঘরে থাকবেন। প্রয়োজনে রাস্তায় যাতায়াত করবেন। কর্মস্থলে কর্তব্য পালন করবেন, পেশাগত দায়িত্ব পালন করবেন। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই।’

নাটোর জেলা জামায়াতের আমির নূরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে নাটোর-১ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ইউনুস আলী, নাটোর-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এস এম জার্জিস কাদির ও নাটোর-৪ আসনের প্রার্থী আব্দুল হাকিমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।