বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দীর্ঘ এক যুগের পথচলা, তবে কয়েক বছর থেকে ছিলেন দলের বাইরে। অবশেষে গত ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রুবেল হোসেন। দেশের ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষ বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (২০ এপ্রিল) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্বঘোষণা অনুযায়ী ম্যাচের আগে রুবেল ও তার ছেলের হাতে বিদায়ী সম্মাননা তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু। এ সময় রুবেলকে একটি বিশেষ স্মারক এবং তার তিন সংস্করণের জার্সি বাঁধাই করে তুলে দেওয়া হয়।
বিদায়বেলায় আবেগাপ্লুত রুবেল এই আয়োজনের জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি যখন জাতীয় দল থেকে অবসর নিই, তখন আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন দেন। তিনি আমাকে বলেন, রুবেল তোকে আমরা বিদায়ী সংবর্ধনা দিতে চাই। এমন আয়োজনের জন্য বিসিবির প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।’
তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ারের এই পর্যায়ে আমি পরিবার, গ্রাউন্ডসম্যান, কোচ থেকে শুরু করে সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ জানাতে চাই। ২০০৯ সালে অভিষেকের সময় আমার পাশে যারা ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
রুবেলের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল ১২ বছরের। এই সময়ে তিন সংস্করণ মিলিয়ে দেশের হয়ে তিনি শিকার করেছেন ১৯৩টি উইকেট। তবে গত কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। পারফরম্যান্স এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় জাতীয় দলে ফেরার সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে তার। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
২০২১ সালের এপ্রিলে সর্বশেষ নিউ জিল্যান্ড সফরের দলে জায়গা হয়েছিল রুবেলের। এরপর আর তাকে লাল সবুজ জার্সিতে আর দেখা যায়নি। ২০২০ সালের পর থেকে তিনি আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি। খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরেও। এর আগের বছর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ছয় ম্যাচে ৮ উইকেট পেয়েছিলেন তিনি।
সবশেষ বিপিএলের নিলামে রুবেলের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। স্বীকৃত ক্রিকেটে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৫ সালের বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ওই ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি।




Comments