Image description

ঠাকুরগাঁও পৌরশহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দীর্ঘ লড়াই শেষে ক্যান্সারে আক্রান্ত ছেলের দাফন সম্পন্ন করতে গিয়ে কবরের পাশেই স্ট্রোকে আক্রান্ত হন বাবা নুর ইসলাম। এর পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনিও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নূর ইসলামের ছেলে আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রোববার (১৯ এপ্রিল) তিনি মারা যান। ছেলের দাফন সম্পন্ন করতে নূর ইসলাম ও স্বজনরা স্থানীয় কবরস্থানে যান। দাফনের কাজ চলাকালীন নূর ইসলাম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন। উপস্থিত স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকলেও সোমবার (২০ এপ্রিল) সকালে নূর ইসলামের মৃত্যু হয়। মাত্র এক দিনের ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের এমন বিয়োগান্তক মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু বলেন, “ছেলের শোকেই বাবা সম্ভবত অসুস্থ হয়ে পড়েছিলেন। দাফন করতে এসে কবরের পাশে বাবার লুটিয়ে পড়ার দৃশ্য দেখা অত্যন্ত কষ্টের। এই শোক সইবার শক্তি যেন আল্লাহ ওই পরিবারকে দান করেন।”

বিকেলে জানাজা শেষে নূর ইসলামকে তার ছেলের কবরের পাশেই দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মানবকণ্ঠ/আরআই