আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এক নজিরবিহীন ও রাজকীয় উপায়ে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নরওয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রি-রেকর্ডেড ভিডিও বার্তার মাধ্যমে দেশটির ফুটবলারদের নাম ঘোষণা করেন স্বয়ং নরওয়ের রাজা। বিশ্ব ফুটবলে এমন ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রত্যাশিতভাবেই নরওয়ে দলের নেতৃত্বে রয়েছেন আর্সেনালের অধিনায়ক ও মাঝমাঠের কাণ্ডারি মার্টিন ওডেগার্ড। তার অধীনে বিশ্বকাপে মাঠে নামবেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ও ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হলান্ড। এই দুই তারকার সঙ্গে আলেকসান্দার সোরলোথ ও জর্গেন স্ট্র্যান্ড লার্সেনের মতো ফরোয়ার্ডরা মিলে নরওয়ের আক্রমণভাগকে বেশ শক্তিশালী করে তুলেছেন।
ঘোষিত স্কোয়াডে একমাত্র ‘আনক্যাপড’ বা জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন হামবুর্গের গোলরক্ষক স্যান্ডার ট্যাংভিক। মূলত এসকে ব্র্যানের চোটের কারণে শেষ মুহূর্তে ভাগ্য খোলে তার। অন্যদিকে, রাশিয়া অনূর্ধ্ব-২১ দল থেকে জাতীয়তা পরিবর্তনের আবেদন করা নিকিতা হাইকিনের অনুরোধ ফিফা থেকে অনুমোদিত না হওয়ায় তাকে স্কোয়াডের বাইরে রাখতে হয়েছে।
নরওয়ের রক্ষণভাগে দেয়াল হয়ে দাঁড়াতে প্রস্তুত জুলিয়ান রিয়ারসন, ক্রিস্টোফার আয়ের ও লিও অস্টিগার্ডের মতো নির্ভরযোগ্য ডিফেন্ডাররা। মাঝমাঠে ওডেগার্ডকে সঙ্গ দেবেন স্যান্ডার বার্গে, ফ্রেডরিক অউরেসনেস ও প্যাট্রিক বার্গের মতো অভিজ্ঞ ফুটবলাররা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হবে ৪৮ দলের এই মেগা আসর। নরওয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন যুক্তরাষ্ট্রের বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ আফ্রিকা জায়ান্ট সেনেগাল ও বর্তমান রানার্সআপ শক্তিশালী ফ্রান্স।
একনজরে নরওয়ের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: অরিয়ান হোস্কজোল্ড নাইল্যান্ড, এগিল সেলভিক, স্যান্ডার ট্যাংভিক।
ডিফেন্ডার: জুলিয়ান রাইয়ারসন, মার্কাস হোমগ্রেন পেডারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়র্কান, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালচেনার।
মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড (অধিনায়ক), স্যান্ডার বার্গে, ফ্রেডরিক অউরেসনেস, প্যাট্রিক বার্গ, ক্রিস্টিয়ান থরস্টভেডট, মর্টেন থর্সবি, থেলো আসগার্ড।
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড, আলেকসান্দার সোরলোথ, জর্গেন স্ট্র্যান্ড লার্সেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ ও জেন্স পেটার হাউগে।
__এআর/এমকে




Comments