দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের মোট রিজার্ভ বেড়ে ৩৪ হাজার ৫৩৯ দশমিক ৮ মিলিয়ন বা ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। শুক্রবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যমতে, গত ২১ মে পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৫৩৯ দশমিক ৮ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলারে।
এর আগে, গত ২০ মে দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার। অর্থাৎ, সময়ের ব্যবধানে রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী গ্রস রিজার্ভ থেকে দেশের স্বল্পমেয়াদি দায়গুলো বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments