Image description

খাগড়াছড়ির গুইমারায় সরকারি উন্নয়ন কর্মসূচির আওতায় খাল খনন কাজে ব্যবহৃত একটি স্কেভেটর (খননযন্ত্র) পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত মধ্যরাতের কোনো এক সময়ে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পিলাক খাল এলাকায় এই নাশকতামূলক ঘটনা ঘটে। এতে যন্ত্রটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারাতেও পানীয় জল ও সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। গত ২১ মে খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এই খনন কাজ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় পিলাক খালের খনন কাজ চলছিল। গতকাল রাতে কাজ শেষে স্কেভেটরটি খালের পাশে রাখা ছিল। দুর্বৃত্তরা গভীর রাতে সেটির তেলের ট্যাংকের মুখ খুলে আগুন ধরিয়ে দেয়।

পার্বত্য শান্তি চুক্তির বহু বছর পার হলেও পাহাড়ে এখনো অবৈধ অস্ত্রের উপস্থিতি ও সহিংসতার খবর উদ্বেগজনক হারে বাড়ছে। প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও নাশকতার ঘটনা ঘটে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবন ও সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে। এ ধরনের হামলার ফলে পার্বত্য অঞ্চলে উন্নয়নের গতি থমকে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, আগুনের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। এই নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পাহাড়ের সাধারণ মানুষ চান সব ধরনের সহিংসতা বন্ধ করে পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি, সহাবস্থান ও উন্নয়ন নিশ্চিত হোক।

মানবকণ্ঠ/ডিআর