বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদে পৌঁছান বিশ্বচ্যাম্পিয়নরা। বিমান থেকে নামার পর অধিনায়ক রদ্রি সবার সামনে উঁচিয়ে ধরেন বিশ্বকাপ ট্রফি।
রদ্রির দুই পাশে ছিলেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান। পরে একে একে বিমান থেকে বেরিয়ে আসেন দলের অন্য ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। বিমানবন্দরে ট্রফি হাতে স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তারা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে নিশ্চিত হয় তাদের শিরোপা। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্প্যানিশরা।
বিশ্বকাপের পাশাপাশি বর্তমানে ইউরোপেরও চ্যাম্পিয়ন স্পেন। ২০২৪ সালে লুইস দে লা ফুয়েন্তের অধীনেই ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল দলটি।
বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিশেষ আয়োজন করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সূচি অনুযায়ী, দলটি প্রথমে রাজপ্রাসাদে গিয়ে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এরপর ছাদখোলা বাসে করে মাদ্রিদের ঐতিহ্যবাহী সিবেলেস স্কয়ারে যাবে, যেখানে সমর্থকদের সঙ্গে শিরোপা উদযাপন করবে দল।
স্পেনজুড়ে এই বিজয় উদযাপনে প্রায় ১০ লাখ মানুষের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা রাজধানী মাদ্রিদে জড়ো হচ্ছেন বিশ্বচ্যাম্পিয়নদের এক নজর দেখতে এবং ঐতিহাসিক এই সাফল্য উদযাপন করতে।




Comments