মাঠের লড়াই শেষ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ যেন থামছেই না। এবার ইনস্টাগ্রামে জনপ্রিয়তার লড়াইয়ে মেসিকে পেছনে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে প্রকাশ করা তাঁর বিদায়ী ভিডিও মাত্র ১০ ঘণ্টায় মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরসংক্রান্ত পোস্টের লাইকসংখ্যাকে ছাড়িয়ে যায়।
গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রায় পাঁচ মিনিটের একটি আবেগঘন ভিডিও প্রকাশ করে পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা স্মৃতি তুলে ধরার পাশাপাশি সতীর্থ, পরিবার ও কোটি কোটি সমর্থকের প্রতি কৃতজ্ঞতা জানান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে।
মার্কিন সংবাদমাধ্যম ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’-এর প্রতিবেদন অনুযায়ী, ভিডিও প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যে রোনালদোর পোস্টে লাইক পড়ে ২ কোটি ৬০ লাখ। অন্যদিকে, গত ৩১ আগস্ট মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা-সংবলিত পোস্টে তখন লাইক ছিল ১ কোটি ৯৭ লাখ। ফলে অল্প সময়ের ব্যবধানেই মেসির পোস্টকে ছাড়িয়ে যান রোনালদো।
এ উন্মাদনা আরও বাড়তে থাকে পরবর্তী সময়ে। মেক্সিকোর ‘ফক্স স্পোর্টস’-এর তথ্য অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই রোনালদোর ভিডিওতে লাইক পড়ে ৩ কোটি ৮ লাখ। একই সময়ে মেসির পোস্টে লাইকের সংখ্যা ছিল ১ কোটি ৯৮ লাখ। অর্থাৎ দুই তারকার বিদায়ী পোস্টের মধ্যে ব্যবধান দাঁড়ায় প্রায় ১ কোটি ১০ লাখে।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী সময়ে রোনালদোর ভিডিওতে লাইকের সংখ্যা বেড়ে প্রায় ৩ কোটি ২০ লাখে পৌঁছায়। পাশাপাশি ভিডিওটিতে মন্তব্য পড়ে ৩২ লাখের বেশি এবং শেয়ার বা রিপোস্ট হয় প্রায় ৬২ লাখ বার। ভিডিওটির ভিউ ছাড়িয়ে যায় ৪৫ কোটি ৫০ লাখ। অন্যদিকে, মেসির পোস্টে তখন লাইকের সংখ্যা ছিল প্রায় ২ কোটি, মন্তব্য ৮ লাখ ৯২ হাজার এবং শেয়ার বা রিপোস্ট ২৬ লাখ। তবে ভিউয়ের হিসাবে তখনো এগিয়ে ছিলেন মেসি। তাঁর পোস্টের ভিউ ছিল ৪৬ কোটির বেশি।
আরব সংবাদমাধ্যম ‘আল আরাবিয়া’র প্রতিবেদনে বলা হয়, পরবর্তী সময়ে রোনালদোর ঐতিহাসিক ভিডিওতে লাইকের সংখ্যা প্রায় ৩ কোটি ৩৫ লাখে পৌঁছায়। ভিডিওটির মোট ভিউ ছাড়িয়ে যায় ৪৮ কোটি ৬০ লাখ। ফলে লাইকের পাশাপাশি ভিডিও দেখার সংখ্যাতেও বড় মাইলফলক স্পর্শ করেন পর্তুগিজ তারকা। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত পরিসংখ্যান ভিন্ন ভিন্ন সময়ে সংগ্রহ করা হয়েছে।
অবশ্য ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইকের বিশ্বরেকর্ড এখনো মেসির দখলে। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে কয়েকটি স্মরণীয় ছবি প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই পোস্টে লাইক পড়ে ৭ কোটির বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০২৩ সালের ২৪ মার্চ পোস্টটির লাইকের সংখ্যা ৭ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৪৭ বলে নিশ্চিত করে।
বিদায়ের ধরনেও দুই মহাতারকার মধ্যে ছিল ভিন্নতা। গত ৩১ আগস্ট হাতে লেখা একটি আবেগঘন চিঠির ছবি প্রকাশ করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান মেসি। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন তিনি। সেই ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
অন্যদিকে, দীর্ঘ ভিডিওবার্তার মাধ্যমে নিজের বিদায়ের ঘোষণা দেন রোনালদো। পর্তুগালের হয়ে দুই দশকের বেশি সময়ের পথচলার নানা স্মৃতি তুলে ধরেন তিনি। ভিডিওতে জাতীয় দলের সাত নম্বর জার্সিটি অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন এই পর্তুগিজ কিংবদন্তি।
২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলে অভিষেকের পর ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডও তাঁর দখলে। দেশের হয়ে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছেন তিনি।
অন্যদিকে, আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করেছেন লিওনেল মেসি। তাঁর নেতৃত্বে ২০২২ সালের বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
মাঠের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের মুহূর্তেও সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মহাতারকার জনপ্রিয়তার তুলনা নতুন করে আলোচনায় এসেছে।
এসএ

