নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে। ফলে খাম খোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। এ কারণে নির্বাচন কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম সঙ্গে রাখতে পারবেন, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা পেন্সিল ব্যবহার করবেন।
তিনি আরও বলেন, ভোট চলাকালীন প্রতিটি আসনে ১০ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে। ভোট কেনাবেচা বন্ধে একাধিক বৈঠক করা হয়েছে এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে।
নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে ইসি বলেন, দায়িত্ব পালনের সময় কোনো ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ করা যাবে না। একই সঙ্গে অপতথ্য ও গুজব প্রতিরোধে দ্রুত সত্য ও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইসি সানাউল্লাহ জানান, বৃদ্ধ, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব জেলা এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
নির্বাচনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, সততা ও নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন কোনো ধরনের আপস করবে না। বড় দল কিংবা ছোট দল—সবার জন্যই আইন সমান। নির্দেশনার পরও যদি কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যেখানে অনিয়ম হবে, সেখানে কোনো ধরনের নমনীয়তা দেখানো যাবে না।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন; জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।




Comments