আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্বামী বা স্ত্রীর সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্যানুযায়ী, এক বছরের ব্যবধানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পদের পরিমাণ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা।
বিবরণীতে দেখা গেছে, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৬৭৭ টাকা। এক বছর পর ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকায়। অর্থাৎ করবর্ষ অনুযায়ী এক বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ ৪৯ হাজার ১২৯ টাকা।
প্রকাশিত তালিকায় উপদেষ্টাদের আর্থিক ও অনার্থিক (নন-ফাইন্যান্সিয়াল) সম্পদ, বিদেশে থাকা পরিসম্পদ এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক দায়ের তথ্য দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ক্ষেত্রে বিদেশে সম্পদ থাকার কথা উল্লেখ করা হলেও তার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক দায় (লোন বা ঋণ) নেই বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার ২০২৪ এবং ২০২৫ সালের জুন পর্যন্ত অর্জিত সম্পদের এই তুলনামূলক চিত্র জনসমক্ষে প্রকাশ করা হলো। এই বিবরণীতে উপদেষ্টাদের পাশাপাশি তাদের স্বামী বা স্ত্রীদের সম্পদের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments