Image description

রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় মো. গোলাম মোস্তফা (৫০) নামে এক দিনমজুরকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোস্তফা মতিহার থানার ডাঁসমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে।

স্বজনরা জানান, মোস্তফা নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। খোঁজাপুর কবরস্থানের সামনে দিয়ে যাবার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে অচেতন হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত.ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের এসি সোহেল রানা বলেন, ‘গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে বিস্তারিত কিছু জানা যায়নি।’

স্থানীয়রা জানান, নিহত গোলাম মোস্তফা দিনমজুরি করে সংসার চালাতেন, রাজনীতি করতেন না। তাকে কারা গুলি করে হত্যা করল তা কেউ বুঝতে পারছেন না।