Image description

এক নতুন অভিযাত্রার মধ্য দিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদীয় রীতি মেনে রাজধানী শেরেবাংলা নগরের সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। ২০২৬ সালেরও এটি প্রথম অধিবেশন। সংবিধানের নিয়ম অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ প্রদান করবেন।

সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার পর নির্ধারিত ৩০ দিনের মধ্যেই এই অধিবেশন আহ্বান করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি এ অধিবেশন শুরু করেন।

এবারের সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা হিসেবে অধিবেশনে সরকারি দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, শক্তিশালী বিরোধীদলের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের নেতার দায়িত্ব গ্রহণ করেছেন। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যা এক নতুন সমীকরণ তৈরি করেছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে ভূমিধস বিজয় অর্জন করেছে, যার মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াত এককভাবে ৬৮টি আসনে জয়ী হয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আজকের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হবে। নতুন এই সংসদের যাত্রা ঘিরে দেশবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

মানবকণ্ঠ/আরআই