দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এবং ৬ জন হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে একদিনে ৯টি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছে মোট ২২৬ জন। পরিস্থিতির অবনতি হওয়ায় জনমনে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৬ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১৬৩ জনের হাম নিশ্চিত হয়েছে। গত দেড় মাসে (১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল) সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে, যার মধ্যে ৪ হাজার ৮৫৬ জনের দেহে হামের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা না নেওয়া বা আক্রান্তের সংস্পর্শে আসায় এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্ত শিশুদের সুচিকিৎসা ও সংক্রমণ রোধে দ্রুত আইসোলেশন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
মানবকণ্ঠ/আরআই




Comments