দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী: ড. শামছুল ইসলাম
সরকার সামরিক বাহিনীকে আরও জনমুখী ও দক্ষ করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি উল্লেখ করেছেন, দেশের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করবে সামরিক বাহিনী।
মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের গুরুত্বপূর্ণ এক অধিবেশনে তিনি এসব কথা বলেন। ড. শামছুল ইসলাম জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের বিশেষ সহযোগিতা চাওয়া হয়েছে।
অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিগত সাধারণ নির্বাচনে সেনাবাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে জেলা প্রশাসকরা সন্তোষ প্রকাশ করেছেন। দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার জন্য ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩ মে চার দিনব্যাপী এই ডিসি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠ প্রশাসনে সরকারের নীতি বাস্তবায়নের মুখপাত্র হিসেবে এবারের সম্মেলনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ৬ মে শেষ হতে যাওয়া এই সম্মেলনে ৮ বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনে ডিসিদের পক্ষ থেকে প্রাপ্ত ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। আলোচনার মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, ভূমি ব্যবস্থাপনা ও ই-গভর্ন্যান্স।
সম্মেলনের অংশ হিসেবে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments