আসন্ন ঈদুল আজহায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো বিভ্রাটের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এখন থেকে কোনো এলাকায় বিদ্যুৎ বন্ধ বা বিভ্রাট থাকলে তা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ দপ্তর-সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের দ্রুত আগাম বার্তা দেওয়ার জন্য মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি স্থানীয় মসজিদের সহায়তা নিতে হবে।
এই কার্যক্রম সফল করতে দেশের প্রতিটি এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরের তালিকা সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংগৃহীত এই তথ্যগুলো সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করতে বলা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে যোগাযোগ সহজতর হয়।
বিদ্যুৎ বিভাগ আরও জানিয়েছে, ঈদ উপলক্ষে সারা দেশের বিদ্যুৎ পরিস্থিতি তদারকিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা নিজ নিজ এলাকায় সরেজমিন পরিদর্শন করবেন এবং সেই পরিদর্শন প্রতিবেদন বিদ্যুৎ সচিবের কাছে জমা দেবেন। এই উদ্যোগের ফলে ঈদে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাট নিয়ে গ্রাহকদের বিভ্রান্তি কমবে এবং প্রয়োজনীয় আগাম তথ্য নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
মানবকণ্ঠ/আরআই




Comments