Image description

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক আরও ঘনীভূত হচ্ছে।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে সারা দেশে নতুন করে ৯৪৫ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়াও একই সময়ে সন্দেহজনক রোগী হিসেবে আরও ১ হাজার ৮৩ জনকে শনাক্ত করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের এই দ্রুত বিস্তার ও মৃত্যুহার নিয়ন্ত্রণে আরও জোরালো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। বিশেষ করে টিকাদান কর্মসূচির পরিধি বাড়ানো এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।

মানবকণ্ঠ/আরআই