Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাসব্যাপী মানবিক কর্মসূচির অংশ হিসেবে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী স্মরণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর মোট ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে এই ত্রাণ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে শত শত অভাবী মানুষের হাতে খাবার ও পোশাক তুলে দেন।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়াও দিনভর শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, বাড্ডা ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, পুরান ঢাকার বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় এই বিতরণ কার্যক্রম চলবে।

কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছরই শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী দেশজুড়ে এ ধরনের জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে বিএনপি।

মানবকণ্ঠ/আরআই