সারাদেশে হামের প্রকোপ চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে। শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে মৃত ৮ শিশুর সবাই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে সংক্রমণের গতি কমছে না; গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৮৬ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং বাকি ১ হাজার ৩৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।
রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে দেখা গেছে আক্রান্ত শিশুদের ভিড়। অনেক শিশুকে তীব্র শ্বাসকষ্টের কারণে নেবুলাইজার দিয়ে জরুরি বিভাগে নিতে দেখা যায়। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯০৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জনে। এর মধ্যে ৮ হাজার ৯৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। মোট প্রাণ হারানো ৫৮৩ জনের মধ্যে ৯০ জন ল্যাব পরীক্ষায় নিশ্চিত আক্রান্ত ছিলেন এবং ৪৯৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ পর্যন্ত সারাদেশে ৫৫ হাজার ৭০৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৫২ হাজার ৫০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকার আওতায় আনার এবং যেকোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments