দলীয় ব্যানারে টোকেন মানির নামে শ্রমিক হয়রানি সহ্য করা হবে না: অ্যাডভোকেট আতিকুর রহমান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, দলীয় ব্যানার ব্যবহার করে টোকেন মানির নামে শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ২৪-পরবর্তী বাংলাদেশে শ্রমিকদের ওপর অন্যায়, শোষণ ও হয়রানি বরদাশত করা হবে না।
শনিবার (৩০ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিকদের ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ১৪৯ জন শ্রমিক জীবন দিয়েছেন। অথচ নির্বাচনের আগে সবাই শ্রমিকদের ব্যবহার করলেও নির্বাচনের পর তাদের অধিকারের কথা ভুলে যায়। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার শ্রমিকদের জন্য যে ইশতেহার ঘোষণা করেছে, তার অর্ধেকও যদি বাস্তবায়ন হতো, তাহলে শ্রমজীবী মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে যেত। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, শ্রম আইন বাস্তবায়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
শ্রমিক লীগের সমালোচনা করে তিনি বলেন, শ্রমিকদের সংগঠন হয়েও তারা শ্রমিকদের স্বার্থ রক্ষা না করে হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছিল। এ কারণেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। নতুন করে কেউ শ্রমিকদের হয়রানি বা চাঁদাবাজির চেষ্টা করলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে শ্রমিক জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।
রামগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও উপদেষ্টা আমিনুল ইসলাম মুকুল, রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল খায়ের মিয়া এবং উপজেলা সেক্রেটারি শামীম পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব সমাজ গঠনে এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান




Comments