রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে গত বুধবার ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা হচ্ছে না। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রতিবেদনটি আগামী ৩ জুন (বুধবার) প্রকাশ করা হবে।
আজ শনিবার (৩০ মে) স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত করার আগে মৃত ছয় নবজাতকের মায়েদের জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন।
তিনি বলেন, "শিশুদের মায়েরা বর্তমানে বিভিন্ন এলাকায় আছেন। তাদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য শোনা হবে। এরপর সেই বক্তব্য তদন্ত প্রতিবেদনে যুক্ত করা হবে।"
তদন্তে এখন পর্যন্ত কী পাওয়া গেছে সে বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি স্বাস্থ্যমন্ত্রী। তবে তিনি ইঙ্গিত দিয়ে বলেন, "ছয়টি শিশু একবারে মারা গেছে, তদন্তে কী আসবে তা বুঝতেই পারছেন। আমরা সমস্ত আলামত ও ব্যাখ্যা পেয়েছি। কিন্তু মায়েদের স্টেটমেন্ট নেওয়ার পর সবকিছু মিলিয়ে ৩ জুন চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।"
গত বুধবার সকালে আদ্-দ্বীন হাসপাতালের ডেলিভারি পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনা দেশজুড়ে ব্যপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করে। ঘটনাটি খতিয়ে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে শনিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও মায়েদের বক্তব্য নিতে বাড়তি সময় নেওয়া হচ্ছে।
এদিকে এই ঘটনায় দায়ের করা মামলাটির তদন্ত করছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল। তিনি জানিয়েছেন, ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে কয়েকজনের বক্তব্য রেকর্ড করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
কি কারণে একসঙ্গে ছয়টি শিশুর মৃত্যু হলো, তা নিশ্চিত হতে এখন ৩ জুনের তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে দেশবাসী।




Comments