Image description

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে জয়ী হন।

তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য বিশ্ব সংস্থার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় বিজয়। এর আগে দীর্ঘ ৪০ বছর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। চার দশক পর ড. খলিলুর রহমানের এই জয় বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব ও প্রভাবেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

এই পদের জন্য গত তিন মাস ধরে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বব্যাপী ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ে বাংলাদেশের উন্নয়ন চিত্র, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্ব এবং বিশ্বশান্তি রক্ষায় অবদানের কথা তুলে ধরা হয়েছিল।