Image description

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। 

শুক্রবার (৫ জুন) বিকেলে মন্ত্রণালয়ের এক আদেশে এই কমিটি গঠন করা হয়।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিম এনডিসি-কে এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) একজন করে প্রতিনিধি। এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাকির হোসেনকে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তদন্ত কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনার জন্য দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা ও সুপারিশসহ বিস্তারিত মতামত প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটি অন্য কোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

উল্লেখ্য, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্সের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুনের র‌্যাম্প ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। সৌভাগ্যবশত ফেরিতে ওঠার আগেই যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে দুর্ঘটনায় বাসের চালক ও হেলপার আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি নদী থেকে উদ্ধার করা হয়।

মানবকণ্ঠ/ডিআর