Image description

খুলনায় আলোচিত দুই শিশু ও তাদের নানিকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রধান আসামি ঘাতক রফিক হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শুক্রবার (৫ জুন) ভোরে বরিশাল জেলা সদরের কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা অনিমেষ মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার রফিক হাওলাদার দৌলতপুর থানা এলাকার আলমগীর হাওলাদারের ছেলে এবং পেশায় একজন ট্রাকচালক।

র‍্যাব-৬ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই রফিক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল শুক্রবার সকালে বরিশালের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তদন্ত কর্মকর্তা অনিমেষ মন্ডল বলেন, “র‍্যাব সদস্যরা দুপুরে রফিককে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাকে বর্তমানে থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য ও মোটিভ উদঘাটনে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে। এছাড়া এই ঘটনায় রফিকের স্ত্রী ফাতেমা বেগম মেরিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

উল্লেখ্য, গত ২৯ মে সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে বেবী বেগম এবং তাঁর দুই নাতি শামীম ও মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই ট্রিপল মার্ডারের পর থেকেই শিশু দুটির সৎ বাবা রফিক হাওলাদার নিখোঁজ ছিলেন। সিসিটিভি ফুটেজ ও উন্নত প্রযুক্তির সহায়তায় র‍্যাব নিশ্চিত হয় যে রফিকই এই হত্যাকাণ্ডের মূল হোতা। অবশেষে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না এই ঘাতকের।

মানবকণ্ঠ/ডিআর