Image description

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করেছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা। গৃহীত সেই শোক প্রস্তাবের অনুলিপি বেগম জিয়ার পরিবার তথা তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে তারা। এ লক্ষ্যে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনের কূটনৈতিক সহযোগিতা চাওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ দাস স্বাক্ষরিত একটি চিঠি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনারের কাছে পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশনে খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। চিঠির সাথে ওই অধিবেশনের কার্যবিবরণীর প্রাসঙ্গিক অংশের একটি অনুলিপিও সংযুক্ত করে তা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

কার্যবিবরণী থেকে জানা যায়, ৩ ফেব্রুয়ারির ওই অধিবেশনে স্পিকার বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। এরপর তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিধানসভার সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন। দীর্ঘ প্রায় চার মাস পর গত ২ জুন এই শোক প্রস্তাবের অনুলিপি হস্তান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে উপ-হাইকমিশনের সহায়তা চাওয়া হলো।

গৃহীত শোক প্রস্তাবে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্ব দেওয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার অবিস্মরণীয় ভূমিকার প্রশংসা করা হয় সেখানে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করে তাকে দক্ষিণ এশিয়ার সমকালীন রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রস্তাবে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

মানবকণ্ঠ/আরআই