বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য তুরস্কের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জানান, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক তাদের পাশে থেকে সহায়তা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
রোহিঙ্গাদের সাথে মতবিনিময়কালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত এই সংকটের একটি স্থায়ী সমাধান হবে। একইসঙ্গে তিনি প্রত্যাশা করেন, রোহিঙ্গারা তাদের সম্মান ও নাগরিকত্বের পূর্ণ অধিকার নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবে।
এদিন বিকেল ৩টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার শরণার্থী শিবিরে পৌঁছান হাকান ফিদান। পরিদর্শনকালে তার সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তা মিজানুর রহমান জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী উখিয়ার বালুখালীতে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন। সেখানে তিনি চিকিৎসা নিতে আসা রোহিঙ্গা রোগী, দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে কথা বলে সার্বিক চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জীবনযাত্রা ও তাদের নানা সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন।
মানবকণ্ঠ/আরআই




Comments