Image description

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাতে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ২৪ মিনিটে তারা কার্গো ভিলেজে আগুন লাগার খবর পান। খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মাথায় অর্থাৎ ১১টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের এই কার্গো ভিলেজ কমপ্লেক্সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট টানা প্রায় সাড়ে ছয় ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের সময় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এছাড়া সেদিনের আগুন নেভানোর কার্যক্রমে অংশ নেওয়া ২৫ জন আনসার সদস্যসহ মোট ৩৫ জন ব্যক্তি আহত হয়েছিলেন।

মানবকণ্ঠ/আরআই