মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি বিতর্কিত অভিবাসন নীতিকে ‘বেআইনি’ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। শুক্রবার (৫ জুন) দেওয়া এক রায়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ৩৯টি দেশের নাগরিকদের রাজনৈতিক আশ্রয়, কাজের অনুমতি, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব পাওয়ার অধিকার থেকে ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে বঞ্চিত করেছে।
রোড আইল্যান্ডের চিফ ইউএস ডিস্ট্রিক্ট জজ জন ম্যাককনেল তার রায়ে উল্লেখ করেন, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ওই ৩৯টি দেশের নাগরিকদের লক্ষ্য করে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) উদ্দেশ্যপ্রণোদিতভাবে একগুচ্ছ বেআইনি নীতি বাস্তবায়ন করেছে।
গত নভেম্বরে চালু হওয়া এই নীতির বিরুদ্ধে মার্চ মাসে অভিবাসী অধিকার রক্ষা সংস্থা এবং শ্রমিক ইউনিয়নগুলোর একটি জোট আদালতে মামলা দায়ের করে। তাদের অভিযোগ, নিরাপত্তা ও যাচাই-বাছাইয়ের অজুহাতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনস্থ ইউএসসিআইএস এসব দেশের নাগরিকদের অভিবাসন সুবিধার আবেদনগুলো আটকে রেখেছে। এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বারা নিয়োগপ্রাপ্ত বিচারক ম্যাককনেল বলেন, ইউএসসিআইএস-এর এই নীতির কারণে অসংখ্য অভিবাসীর জীবন চরম আইনি অনিশ্চয়তায় পড়েছে। এর জন্য অভিবাসীদের কোনো ভুল বা অপরাধ নেই; বরং নির্দিষ্ট কোনো স্থানে জন্ম নেওয়াই যেন তাদের একমাত্র অপরাধ।
কংগ্রেসের প্রণীত সব আইনি প্রক্রিয়া মেনে আবেদন করার পরও মাসের পর মাস তাদের ঝুলিয়ে রাখা হচ্ছে উল্লেখ করে বিচারক তার রায়ে আরও বলেন, "আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু ইউএসসিআইএস এখানে আইন মেনে কাজ করেনি; বরং কংগ্রেস তাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, সেই অভিবাসন ও প্রশাসনিক আইনগুলোই তারা সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে।"
মানবকণ্ঠ/আরআই




Comments