Image description

শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরকে কেন বাদী করা হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন নিহতের বোন মাসুমা হাদি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে চলা ‘নোংরামি ও মিথ্যাচার’ নিয়ে কথা বলেন এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

মাসুমা হাদি জানান, তার ভাই গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালে ভাইয়ের পাশেই ছিলেন। তিনি উপস্থিত থাকা সত্ত্বেও প্রশাসন কেন পরিবারের অনুমতি ছাড়া জাবেরের কাছ থেকে মামলার বাদী হিসেবে স্বাক্ষর নিয়েছে, তা তার বোধগম্য নয়। তাকে জানানো হয়েছিল যে, হাদির আরেক ভাই ওমর ফারুক চিকিৎসার কারণে ব্যস্ত থাকায় জাবেরকে বাদী করা হয়েছে। কিন্তু মাসুমার দাবি, তাদের পরিবারের সম্মতি ছাড়া বাইরের একজনকে বাদী করা সম্পূর্ণ অযৌক্তিক।

ভাইয়ের চিকিৎসার বিষয়েও মুখ খোলেন তিনি। মাসুমা জানান, প্রথমে ওমর ফারুক সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ৫২ লাখ টাকা খরচ করে হাদিকে থাইল্যান্ডে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে সরকার দায়িত্ব নিয়ে তাকে সিঙ্গাপুরে পাঠায়।

মাসুমা আক্ষেপ প্রকাশ করে বলেন, "ভাইকে হারানোর কষ্টে বেঁচে থাকাটা এমনিতেই কঠিন। তার ওপর একজন বিপ্লবীর পরিবারকে নিয়ে এমন মিথ্যাচার মেনে নেওয়া যায় না। সম্মান করতে না পারলেও না জেনে অসম্মান করার অধিকার কারও নেই।"

মানবকণ্ঠ/আরআই