২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (২৭ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।
অভিযোগপত্রে সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও বেনজীর আহমেদ ছাড়াও তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী সামছুল হক টুকু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আসামি করা হয়েছে। তালিকায় তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও জানানো হয়েছে। আজই এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হতে পারে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৫৮ জন নিহতের সুনির্দিষ্ট প্রমাণ তারা পেয়েছেন।
২০১৩ সালের ৫ মে দিনভর সমাবেশ শেষে রাতে শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী নৃশংস হামলা চালায়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সেই অভিযোগের ভিত্তিতেই আজ আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হলো।
মানবকণ্ঠ/ডিআর




Comments