আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এর আগে শুক্রবার (৫ জুন) ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নেওয়া ১৬ জন প্রার্থীকে নিয়ে এক গ্র্যান্ড মিটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিজের জন্য ভোট চাওয়ার পাশাপাশি দেশের ক্রিকেটের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি ও ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর তামিম ইকবাল।
এবারের নির্বাচনে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ব্যবসায়ী, চিকিৎসক ও রাজনৈতিক পরিবারের সদস্যরাও অংশ নিচ্ছেন। নির্বাচিত হওয়ার পর এই ব্যক্তিগত পরিচয়গুলো ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে তামিম বলেন, ‘আমরা যারাই বোর্ডে আসার সুযোগ পাই না কেন, আমার একটাই অনুরোধ থাকবে—মিরপুর স্টেডিয়ামে প্রবেশের সময় নিজেদের ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে আসবেন। ওই চেয়ারে বসার পর আপনাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটের সেবা করা। কার কী ব্যক্তিগত পরিচয়, তা এখানে কোনো বিষয় হওয়া উচিত নয়।’
গত দুই বছরে বিসিবিতে অন্তত তিনজন সভাপতির রদবদলসহ ক্রিকেটের ওপর দিয়ে বয়ে যাওয়া নানা ঝড় ও সংকটকে ‘সুনামি’ হিসেবে আখ্যায়িত করেছেন তামিম। এই অস্থিরতা বন্ধের শক্ত তাগিদ দিয়ে তিনি বলেন, ‘গত দুই বছরে বাংলাদেশ ক্রিকেটের ওপর দিয়ে যে সুনামি বয়ে গেছে, এবার তার অবসান হওয়া প্রয়োজন। এটা আমার বা অন্য কারও জন্য নয়, বরং দেশের ক্রিকেটের স্বার্থেই থামাতে হবে। ১৮ কোটি মানুষের আবেগ ও গর্বের জায়গা ক্রিকেটকে এই অস্থিরতা থেকে বের করে আনা অত্যন্ত জরুরি।’
বিসিবির এই অ্যাডহক কমিটির সভাপতি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনের মাধ্যমেই এই অস্থিতিশীলতার চিরস্থায়ী অবসান ঘটবে। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা নির্বাচিত হবেন, তাদের নিয়ে সমালোচনা হবে, অনেক প্রশ্ন উঠবে। তবে আপনাদের উদ্দেশ্য ও সদিচ্ছা যদি সৎ থাকে এবং সত্যিই ক্রিকেটের জন্য ভালো কাজ করতে পারেন, তবে খুব দ্রুতই এসব পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি।’
মানবকণ্ঠ/আরআই




Comments