শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে মাত্র ১২ দিনের ব্যবধানে একই মাদরাসার তিনজনসহ মোট ৬ শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ শিশুদের মধ্যে রয়েছে খন্দকার মাশরাফি (১২), রাব্বানী (১০), তোফায়েল (১২), রাসেল (১৪) এবং ইসরাফিল হোসেন (১৫)। এছাড়া সোমবার (৮ জুন) সকালে আড়াইয়ানি বাজার মাদরাসা থেকে নিখোঁজ হওয়া আব্দুল্লাহ আনসারী (১০) নামের এক শিশুকে বিকেলে পুলিশ উদ্ধার করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিনের মধ্যে বিভিন্ন মাদরাসা থেকে বের হওয়ার পর এসব শিশু নিখোঁজ হয়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে অভিভাবকরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের ছবি ও তথ্য ছড়িয়ে তাদের সন্ধান চাওয়া হচ্ছে।
নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম জানিয়েছেন, নিখোঁজ শিশুদের মধ্যে একজনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং বাকি পাঁচজনকে উদ্ধারে অভিযান চলছে।
ঘটনাগুলো ঘিরে মাদরাসাগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। পাশাপাশি দ্রুত শিশুদের উদ্ধার ও ঘটনার কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।




Comments