Image description

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এখন এটি জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুমোদনের পর একই দিন বিকেলে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন।

বাজেটের আকার ও ঘাটতি

আসন্ন বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে ঘাটতি থাকছে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি পূরণে সরকার দেশি ও বিদেশি উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

অর্থ সংগ্রহের পরিকল্পনা
বৈদেশিক ঋণ ও অনুদান: ১ লাখ ১৬ হাজার কোটি টাকা
অভ্যন্তরীণ উৎস: ১ লাখ ২৭ হাজার কোটি টাকা
ব্যাংক ঋণ: ১ লাখ ১২ হাজার কোটি টাকা
সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস: ১৫ হাজার কোটি টাকা

প্রস্তাব অনুযায়ী, এই বাজেট হবে দেশের ৫৫তম জাতীয় বাজেট। এটি বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী আমির খসরুর প্রথম বাজেট উপস্থাপন।

নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভায় অনুমোদন এবং পরে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সম্মতি প্রয়োজন হয়। এরপর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে এবং বাজেট কার্যকর হবে।