বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি বিশেষ হাইকোর্ট বেঞ্চে বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। অ্যাটর্নি জেনারেল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্ট প্রশাসনের বড় উদ্যোগের অংশ হিসেবে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী ১৪ জুন (রোববার) থেকেই এই বেঞ্চে বিচার কাজ শুরু হবে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “নতুন এই বেঞ্চে নারী ও শিশু নির্যাতন মামলার ফাঁসির আদেশ এবং সংশ্লিষ্ট আপিলগুলো অগ্রাধিকার ভিত্তিতে শোনা হবে। রামিসা হত্যা মামলার সংবেদনশীলতা বিবেচনায় আমি নিজেই রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করব। এজন্য একটি বিশেষ আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে।” আগামী রোববারের হাইকোর্টের কার্যতালিকায় মামলাটি থাকতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত ৭ জুন রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা ভিকটিম রামিসার উত্তরাধিকারীরা পাবেন।
গত ৯ জুন এই মামলার ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদনের নথি) কপি হাইকোর্টে আসে। এর পরদিনই (১০ জুন) প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বিশেষ বেঞ্চ গঠন করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments