Image description

ভোলার চরফ্যাশনে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মৃত বাবার লাশ দাফন ঘিরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। সন্তানদের বাধার কারণে দুই দফা কবর খোঁড়া হলেও দাফন প্রক্রিয়া বারবার ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে অবশেষে বাড়ির উঠানেই দাফন সম্পন্ন করা হয়।

শনিবার উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৩ নম্বর ওয়ার্ডের জলিল পণ্ডিতের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জলিল পণ্ডিত জীবদ্দশায় চারটি বিয়ে করেন। তাঁর দুই স্ত্রী ও সাত সন্তান রয়েছে। মৃত্যুর আগে তিনি তাঁর সম্পত্তির বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে দলিল করে দেন। এ বিষয়কে কেন্দ্র করেই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শনিবার সকালে জলিল পণ্ডিতের মৃত্যু হলে স্বজনরা পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেন। কিন্তু সেখানে একপক্ষের সন্তানরা দাফনে বাধা দেন। পরে বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়া হলেও সেখানেও বাধা আসে। এক পর্যায়ে লাশ উঠানে রেখেই ভাই–বোনদের মধ্যে তর্ক, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি দেখে এলাকাবাসী হতবাক হয়ে পড়ে।

খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর বিরোধের সাময়িক সমাধান হয়। এরপর বাড়ির উঠানেই জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দাফন সম্পন্ন করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”