দেশে হামের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট ৭১৯ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬২৬ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৯ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় আরও ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৫০৯ জনে।
একই সময়ে পরীক্ষায় আরও ১৬৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হামের রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ১৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি সিলেট বিভাগের বাসিন্দা।
বিভাগভিত্তিক হিসাবে, গত এক দিনে সবচেয়ে বেশি ৪০৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ২০০ জন, বরিশালে ১২২ জন এবং সিলেট বিভাগে ৬৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৬১৬ জনকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশ। বিভাগভিত্তিক কভারেজে শুধু সিলেটে ৯৯ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে। দেশের বাকি সব বিভাগে লক্ষ্যমাত্রার শতভাগ বা তারও বেশি টিকাদান অর্জিত হয়েছে।




Comments