Image description

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় লাকি আখতার (৩০) নামে এক সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লাকি আখতার উপজেলার গুনিয়াউক ১০ শয্যাবিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামনকুমার গ্রামের মো. সামসুল হুদার মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে আখাউড়া উপজেলার বাসিন্দা শরীফ আহমেদের সঙ্গে লাকির বিয়ে হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে গুনিয়াউক স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেওয়ার পর থেকে তিনি দুই সন্তানকে নিয়ে ইউনিয়নের সুবল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। দুই দিন আগে তার স্বামী ওই বাসায় আসেন।

লাকির স্বামী শরীফ আহমেদ জানান, বুধবার সকাল ১১টার দিকে তিনি বাসা থেকে বের হন। পরে দুপুর ১টার দিকে স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে বাড়ির মালিককে খোঁজ নিতে বলেন।

বাড়ির মালিক সুবল মিয়া জানান, বাসায় গিয়ে তিনি দরজা খোলা দেখতে পান। ঘরের ভেতরে দুই শিশু কান্নাকাটি করছিল। এরপর তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সহকর্মীদের ভাষ্য, বুধবার দুপুর পর্যন্ত তিনি স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেন। পরে বাসায় ফেরেন। এরপর বিকেলের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লাকির স্বামী দাবি করেন, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ বা কলহ ছিল না।

ওসি শাহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায় সহকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।