Image description

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে এবার দেখা গেল মার্ভেল দুনিয়ার জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে একই ফ্রেমে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশের পর থেকেই তা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওর শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে নিজের জীবনের নানা জটিলতা নিয়ে ফোনে কথা বলছেন। ঠিক তখনই হাতে একটি বিশেষ ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়ে সেখানে হাজির হন লিওনেল মেসি। যেন স্পাইডারম্যানকে খুঁজতেই তার এই অভিযান। কিছুক্ষণ পর পিটার পার্কার স্পাইডারম্যানের পোশাকে হাজির হন। ভিডিওর শেষ দৃশ্যে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ভর করে দুলতে দেখা যায় মেসিকে, যা ভক্তদের জন্য ছিল বড় চমক।

এদিকে হলিউডভিত্তিক কয়েকটি গণমাধ্যমের দাবি, মাত্র ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য মেসি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকার সমান। তবে এ বিষয়ে সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

আগামী ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ধারণা করা হচ্ছে, সিনেমাটির প্রচারণার অংশ হিসেবেই তৈরি করা হয়েছে এই বিশেষ ভিডিও।

ভিডিওতে ব্যবহৃত ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়েও চলছে জোর আলোচনা। কমিকসপ্রেমীদের কাছে পরিচিত এই ডিভাইসটি প্রথম দেখা যায় ১৯৬৪ সালে প্রকাশিত ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ কমিকসে। সেখানে পিটার পার্কার নিজেই এটি তৈরি করেছিলেন এবং ডক্টর অক্টোপাসকে শনাক্ত করতে প্রথম ব্যবহার করেন।

এ ছাড়া ট্র্যাকারের স্ক্রিনে দেখা একাধিক লাল বিন্দু নিয়েও ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকের ধারণা, এটি মার্ভেলের ‘মাল্টিভার্স’ ধারণার ইঙ্গিত হতে পারে এবং নতুন সিনেমায় একাধিক স্পাইডারম্যানকে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর গল্প শুরু হবে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর থেকে। সেই ঘটনার পর পুরো পৃথিবী ভুলে গেছে যে পিটার পার্কারই স্পাইডারম্যান। নতুন এই অধ্যায়ে এক রহস্যময় হুমকির বিরুদ্ধে লড়াইয়ে তার পাশে দেখা যাবে ‘দ্য পানিশার’ ও ‘হাল্ক’কে। আর সিনেমার প্রচারণায় লিওনেল মেসির উপস্থিতি ফুটবল ও মার্ভেল—দুই জগতের ভক্তদের মধ্যেই নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।

সূত্র: দ্য প্রিন্ট