Image description

সারা দেশে হামের সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।

রোববার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ১০৬ জন নিশ্চিতভাবে হামে এবং ৯২৫ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৮টি শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৩৮টি শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন এবং ৬৪৫ জন মারা গেছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে।

পরিসংখ্যান বলছে, গত প্রায় চার মাসে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৩২ জনের শরীরে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৮৮ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৮৫ হাজার ১২২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগ থেকে শিশুদের হামের টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর