রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস হাসপাতাল চত্বরে ঢুকে পড়লে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত রফিকুল ইসলাম একটি হোটেলের কর্মচারী ছিলেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীদের ভাষ্য, কুর্মিটোলা এলাকায় যাত্রী নামানোর জন্য বাসটি রাস্তার পাশে থামানোর চেষ্টা করেন চালক। এ সময় বাসটির ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের প্রবেশপথে ঢুকে পড়ে। এতে হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়াল ভেঙে যায়।
এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুজনের একজন সরে যেতে পারলেও রফিকুল ইসলাম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া বাসের ভেতরে থাকা শিশুসহ অন্তত দুজন আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চালককে আটক করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটির চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




Comments