Image description

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী একটি ট্রেনের ছয়টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী ট্রেনটি আসার সময় গেটম্যান রেলক্রসিংয়ের ব্যারিয়ার নামিয়ে যান চলাচল বন্ধ করে দেন। তবে ট্রেনের পেছনের গার্ড ব্রেকসহ ছয়টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরগতিতে সামনে এগিয়ে আসছিল।

বিষয়টি বুঝতে না পেরে গেটম্যান ব্যারিয়ার তুলে দিলে অপেক্ষমাণ যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশা রেললাইন পার হতে শুরু করে। ঠিক তখনই বিচ্ছিন্ন হয়ে আসা বগিগুলোর সঙ্গে যানবাহনগুলোর সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা দ্রুত আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

রাজবাড়ী রেলস্টেশনের স্টেশন মাস্টার তন্বয় দত্ত জানান, ফরিদপুরের আমিরাবাদ বিদ্যুৎকেন্দ্রে তেল সরবরাহ শেষে ট্রেনটি খুলনার উদ্দেশে ফিরছিল। খানখানাপুর এলাকায় গার্ড ব্রেকসহ ছয়টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর দুর্ঘটনাটি ঘটে। তবে কী কারণে বগিগুলো বিচ্ছিন্ন হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এবং রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে।