পবিত্র মাহে রমজানের প্রথম জুমাকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মসজিদে আসতে শুরু করেন। দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদের মূল ভবন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নির্ধারিত সময়ের আগেই মসজিদের ভেতরের স্থান পূর্ণ হয়ে গেলে অনেক মুসল্লিকে বাইরের চত্বর ও আশপাশের এলাকায় নামাজ আদায় করতে দেখা যায়।
জুমার নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। অনেক মুসল্লি জানান, রমজান মাসের প্রতিটি জুমা বায়তুল মোকাররমে আদায় করার চেষ্টা করেন তারা। পবিত্র এ মাসের প্রথম জুমায় অংশ নিতে পেরে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
এদিকে, জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।




Comments