Image description

সাদা বলের সিরিজ খেলতে গত ১৩ এপ্রিল ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আইপিএলে ব্যস্ততার কারণে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ একঝাঁক তারকা ক্রিকেটার এই সফরে নেই। তবে অনভিজ্ঞ দল নিয়ে আসলেও স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে কিউইরা—এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক টম লাথাম।

আসন্ন সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াডে রাখা হয়েছে বেশ কিছু নতুন মুখ। গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, ফিন অ্যালেনদের মতো অভিজ্ঞদের অনুপস্থিতিকে তরুণদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন লাথাম। তিনি মনে করেন, এই সিরিজ থেকে তরুণ ক্রিকেটাররা উপমহাদেশের ভিন্ন কন্ডিশনে খেলার অমূল্য অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমরা কিছুটা অনভিজ্ঞ দল নিয়ে এখানে এসেছি। তবে এর ফলে অনেক ছেলে সুযোগ পাচ্ছে, যারা আগে হয়ত সেভাবে সুযোগ পায়নি। বাংলাদেশের এই কন্ডিশনে খেলা তাদের সামনের দিনে আরও সমৃদ্ধ করবে। এখান থেকে যত বেশি অভিজ্ঞতা নেওয়া যায়, সেই চেষ্টা থাকবে আমাদের। এতে ভবিষ্যতে নিউজিল্যান্ড ক্রিকেটের শক্তিমত্তা ও গভীরতা আরও বাড়বে।’

সিরিজের লক্ষ্য নিয়ে লাথাম স্পষ্ট করে বলেন, ‘আমরা এখানে কেবল খেলতেই নয়, সিরিজ জিততে এসেছি। প্রতিটি ম্যাচে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়ে আমাদের সেরাটা দিতে হবে। বাংলাদেশের বিপক্ষে তাদের কন্ডিশনে খেলাটা তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব হবে সবার মাঝে এই কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করা এবং সে অনুযায়ী পরিকল্পনা সাজানো।’

তারকা ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ততা ও জাতীয় দলে তাদের অনুপস্থিতি নিয়ে লাথাম বলেন, ‘বিষয়টি সামলানো একদমই কঠিন নয়। নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করা সবসময়ই রোমাঞ্চকর। বর্তমানে বিশ্বজুড়ে অনেক লিগ হচ্ছে, যা আন্তর্জাতিক সিরিজের সূচির সাথে মিলে যায়। এটি আধুনিক ক্রিকেটের বাস্তবতা। আমরা একে ইতিবাচকভাবে দেখছি যাতে নতুন প্লেয়াররা সুযোগ পায় এবং দায়িত্ব নিতে শেখে।’

মানবকণ্ঠ/ডিআর