মরুভূমির ফল হিসেবে পরিচিত খেজুর এখন ফলছে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকার মাটিতেও। একসময় যে উন্নত জাতের খেজুর পুরোপুরি বিদেশ থেকে আমদানি করতে হতো, সেই খেজুরই সফলভাবে চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন আটঘরিয়ার তরুণ উদ্যোক্তা হিরু। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে মানুষের মুখে মুখে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে গয়েশপুর এলাকার রাজিবের কাছ থেকে কয়েকটি উন্নত জাতের খেজুরের চারা সংগ্রহ করেন পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের সাইফুল ইসলাম হিরো।
প্রথমে ৩৩ শতাংশ জমিতে মাত্র চারটি চারা রোপণ করেন। অনেকেই তখন তাকে নিরুৎসাহিত করেছিলেন। অনেকে বলেছিলেন, বাংলাদেশের আবহাওয়ায় বিদেশি খেজুর হবে না। কিন্তু তিনি থেমে যাননি। নিয়মিত পরিচর্যা, ধৈর্য, কৃষিবিষয়ক পড়াশোনা এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন। আজ সেই ছোট্ট উদ্যোগই পরিণত হয়েছে প্রায় ৬০টি গাছের সমৃদ্ধ একটি খেজুর বাগানে। এই বাগানে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ১০ থেকে ১২টি উন্নত জাতের খেজুর রয়েছে। এর মধ্যে আজওয়া, মরিয়ম, মেজুল, ছুক্কারি, ওয়ারহিছ, বড়ইসহ বিভিন্ন জাতের গাছ রয়েছে।
প্রতিটি জাতের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কিছু গাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আবার কিছু গাছে ইতোমধ্যেই প্রচুর পরিমাণে খেজুর ধরেছে। অনেক গাছ থেকে উন্নতমানের সাকার উত্পন্ন হয়েছে, যা দিয়ে নতুন বাগান গড়ে তোলা সম্ভব। এখন গাছে ঝুলছে খেজুরের থোকা। বাগানে প্রবেশ করলেই চোখে পড়ে গাছে ঝুলে থাকা খেজুরের থোকা। সবুজ পাতার ফাঁকে ফলভর্তি গাছ যেন এক টুকরো মধ্যপ্রাচ্যের খেজুর বাগানের আবহ তৈরি করেছে। বর্তমানে অনেক গাছে প্রচুর পরিমাণে খেজুর ধরেছে। ফলে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক, শিক্ষার্থী, উদ্যোক্তা ও সাধারণ মানুষ বাগানটি দেখতে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ চাষাবাদ সম্পর্কে জানছেন, আবার কেউ নতুন বাগান করার পরিকল্পনা নিয়ে পরামর্শ নিচ্ছেন। শিক্ষক ফজলুর রহমান বলেন, আমি লোকমুখে শুনে এই খেজুর বাগান দেখতে এসেছি। আমরা জানতাম, খেজুর শুধু সৌদি আরবেই হয়। এখন দেখি আমাদের পার্শ্ববর্তী এলাকায়ও জন্মেছে। এখন শখ হচ্ছে খেজুরের বাগান দেয়ার।
একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী আলাল বলেন, এখানে খেজুরের বাগান আছে, জানার পর থেকেই প্রায়ই বিকেলের দিকে বাগান দেখতে আসি। মরুভূমির খেজুর যে এদেশে জন্মে, তার প্রমাণ হিরু ভাই। আশা করি হিরু ভাই খেজুর বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন।
খেজুর চাষি হিরু বলেন, শখের বসে শুরু করলেও প্রথমে অনেকেই ধিক্কার বা লজ্জা দিয়েছে। তুচ্ছ-তাচ্ছিল্যও করেছে। শুরুতে অনেকেই বলেছিলেন, বাংলাদেশের আবহাওয়ায় বিদেশি খেজুরের চাষ সম্ভব নয়। কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাই। এখন গাছে ফল এসেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বাগান সমপ্রসারণের পরিকল্পনা রয়েছে। সরকারি সহযোগিতা পেলে এই খাতে বিপ্লব ঘটানো সম্ভব বলে জানান তিনি।
উপজেলা কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না বলেন, হিরু যে কাজ করে যাচ্ছে, তার জন্য প্রশংসার দাবিদার। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ভাবনী কৃষি উদ্যোগে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।




Comments