বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, আগামী ৩ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন এই তারকা জুটি। তবে পুরো আয়োজন ঘিরে রাখা হয়েছে কঠোর গোপনীয়তা।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, জুলাইয়ের শুরুতে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুটি পৃথক অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি অনুষ্ঠানে প্রায় ১০০ জন এবং অন্যটিতে প্রায় দেড় হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন।
বাগদানের পর দেওয়া কয়েকটি সাক্ষাৎকারে টেইলর সুইফট মজা করে বলেছিলেন, তার বিয়ের অতিথি তালিকা বেশ দীর্ঘ হবে। অন্যদিকে ট্রাভিস কেলসি ইঙ্গিত দিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে বিশেষ সংগীতানুষ্ঠানেরও আয়োজন থাকবে। তবে বিয়ের তারিখ, ভেন্যু এবং অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গোপনীয়তা বজায় রাখতে কোনো ছাপানো নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি। পরিবর্তে অতিথিদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছে এবং অনুষ্ঠানসংক্রান্ত তথ্য গোপন রাখার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রত্যেক অতিথিকে একটি গোপনীয়তা চুক্তিতে (নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ) সই করতে হতে পারে। এর ফলে বিয়ের কোনো ছবি, ভিডিও বা অনুষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য প্রকাশ করা যাবে না। নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থাও রাখা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, সম্ভাব্য অতিথি তালিকায় থাকতে পারেন এড শিরান, সেলেনা গোমেজ, গিগি হাদিদ, কারা ডেলেভিঞ্জেন এবং সাবরিনা কারপেন্টারসহ বিনোদন ও ক্রীড়াজগতের আরও অনেক পরিচিত তারকা।
উল্লেখ্য, প্রায় দুই বছর প্রেমের পর গত বছরের ২৬ আগস্ট বাগদান সম্পন্ন করেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। বাগদানের পর সামাজিক মাধ্যমে টেইলর লিখেছিলেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’
তবে এখন পর্যন্ত বিয়ের বিষয়ে টেইলর সুইফট বা ট্রাভিস কেলসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে ৩ জুলাইয়ের সম্ভাব্য বিয়ের খবরটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেই আলোচনায় রয়েছে।




Comments