বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে আলোচনা এখনো থামেনি। গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। প্রায় ১৫০ অতিথির উপস্থিতিতে আয়োজিত ব্যক্তিগত এই অনুষ্ঠানে আমিরের প্রথম দুই প্রাক্তন স্ত্রী এবং তাঁর তিন সন্তানও উপস্থিত ছিলেন।
বিয়ের ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা হলেও, কয়েক দিনের ব্যবধানে নতুন করে আলোচনায় এসেছে গৌরীর জন্য আমিরের দেওয়া বিশেষ উপহার।
ভারতীয় গণমাধ্যমের খবর, গৌরী স্প্র্যাটকে একটি বিরল ও অত্যন্ত মূল্যবান রুবির আংটি উপহার দিয়েছেন আমির। এটি কোনো সাধারণ আংটি নয়। এর মূল আকর্ষণ একটি বড় আকারের প্রিমিয়াম মানের রুবি, যা বিশেষভাবে নির্বাচন করা হয়েছে। রুবির চারপাশে বসানো হয়েছে ৪০টি প্রাকৃতিক হীরা।
জানা গেছে, বিদেশের একটি স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই বিশেষ আংটি।
প্রস্তুতকারক সংস্থার দাবি, উপযুক্ত মানের রুবিটি খুঁজে পেতেই সময় লেগেছে প্রায় তিন মাস। এরপর শুরু হয় আংটি তৈরির কাজ। মোট ১৩১ জন দক্ষ কারিগরের সম্মিলিত প্রচেষ্টায় টানা ২৫৬ ঘণ্টা ধরে চলে এর সূক্ষ্ম কারুকাজ। দীর্ঘ পরিকল্পনা, নিখুঁত নকশা এবং হাতে তৈরি কারুশিল্পের সমন্বয়ে তৈরি হয়েছে এই অনন্য উপহার।
শুধু মূল্যবান রত্নের জন্য নয়, বরং এর নির্মাণপ্রক্রিয়া এবং শতাধিক কারিগরের শ্রমের কারণেও আংটিটি এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিয়ের ছবির পর এবার এই বিশেষ উপহারই আমির খান ও গৌরী স্প্র্যাটের নতুন জীবনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। সূত্র: দ্য ওয়াল




Comments